এ সম্পর্কিত আরও খবর
সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের প্রতিবাদে উত্তরা ডক্টরস ক্লাবের নিন্দা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৪৬ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সাংবাদিক মাসুদ কামালের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তরা ডক্টরস ক্লাব (ইউডিসি)। সংগঠনটির দাবি, চিকিৎসক সমাজ সম্পর্কে মাসুদ কামাল অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন, যা দেশের সমগ্র চিকিৎসক সমাজের মর্যাদা ও সম্মানের ওপর আঘাত হেনেছে।
মঙ্গলবার (৯জুন) এক প্রতিবাদলিপিতে উত্তরা ডক্টরস ক্লাব জানায়, মতপ্রকাশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা পেশাজীবী গোষ্ঠীকে হেয়প্রতিপন্ন বা অপমান করার অধিকার দেয় না। গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ হলেও একটি পুরো পেশাকে অবজ্ঞা ও বিদ্বেষের লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বাংলাদেশের চিকিৎসক সমাজ যুগে যুগে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় অসংখ্য চিকিৎসক আক্রান্ত হয়েছেন এবং অনেকেই জীবন উৎসর্গ করেছেন। এমন একটি পেশাজীবী সমাজকে অবমাননাকর বিশেষণে আখ্যায়িত করা শুধু অনভিপ্রেত নয়, জাতির বিবেককেও আহত করে।
উত্তরা ডক্টরস ক্লাব সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার এবং চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।
অন্যথায়, চিকিৎসক সমাজের সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন উত্তরা ডক্টরস ক্লাবের কো-অর্ডিনেটর ডা. এ. এস. এম. শাহরিয়ার আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন