এ সম্পর্কিত আরও খবর
দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ আজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ জুন)। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। একই সঙ্গে এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। এবারের বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ সহজ করা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে ঋণ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করা হবে। সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার তহবিল রাখার প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।
সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য খাতেও নতুন উদ্যোগ থাকছে। ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নতুন কয়েকটি কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব থাকতে পারে।
নতুন অর্থবছরের বাজেটে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে এবং সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। পাশাপাশি মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
এবারের বাজেটের অন্যতম গুরুত্ব পাচ্ছে ব্যবসা সহজীকরণ। লাইসেন্স, অনুমোদন ও কর ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি ‘বাংলাবিজ’ নামে সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যবসাসংক্রান্ত বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন