এ সম্পর্কিত আরও খবর
স্বাস্থ্য ও অবকাঠামোয় চীনের সঙ্গে গভীর সহযোগিতা চায় বাংলাদেশ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ স্বাস্থ্যপ্রযুক্তি ও অবকাঠামোসহ নানা খাতে চীনের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে ভবিষ্যতে সম্পর্ক গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
চীনের খুনমিংয়ে অনুষ্ঠিত ১০ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের সহায়তা ও বিনিয়োগকে স্বাগত জানান।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এক্সপোকে তিনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। মেলায় অংশ নেওয়ার পাশাপাশি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে
ডেপুটি স্পিকার বলেন, ‘চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে ব্যবসা, বিনিয়োগ এবং উন্নয়ন সবক্ষেত্রেই একটি নতুন সম্ভাবনাময় অঞ্চল গড়ে উঠতে পারে।’
কায়সার কামাল আরও বলেন, ‘বাংলাদেশ চীনের সহায়তা ও বিনিয়োগকে নানা খাতে স্বাগত জানায়। বিশেষ করে জ্বালানি, সোলার প্যানেল, সড়ক অবকাঠামো, চিকিৎসা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই খাতে।
তিনি চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তির উদাহরণ হিসেবে রোবোটিক সার্জারির কথা উল্লেখ করে বলেন, ‘এই প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি এমন উদ্ভাবন বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করবে।’
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই প্রসঙ্গে কায়সার কামাল বলেন, ‘এখানে বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্ণ হয়েছে। এই উদ্যোগ শুধু বাংলাদেশই না পুরো অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ বিআরআই হলো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঘোষিত বৈশ্বিক অবকাঠামো ও সংযোগ উন্নয়ন কর্মসূচি।
এ ছাড়া খুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম পর্যন্ত সম্ভাব্য সড়ক সংযোগ গড়ে উঠলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগে নতুন গতি আসবে। তিনি চীন-দক্ষিণ এশিয়া এক্সপোকে দুই অঞ্চলের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছেন।
সবশেষ বাংলাদেশ-চীন সহযোগিতা ভবিষ্যতে জনগণের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক গভীর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন