এ সম্পর্কিত আরও খবর
২৩৭ কলেজের অধ্যক্ষকে শোকজ দিল মাউশি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ই-রিকুইজিশনে শূন্য পদের চাহিদাপত্রে ভুল তথ্য প্রদান এবং নির্ধারিত সময়ে তথ্য যাচাই না করার অভিযোগে দেশের ২৩৭টি বেসরকারি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১৬ জুন) মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানিয়েছে, ভুল চাহিদা দেওয়ার ফলে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে এবং ভুল পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন।
মাউশির তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ২ হাজার ১০০টি পদের তথ্য সঠিক পাওয়া গেলেও ২৩৭টি পদে ভুল চাহিদা শনাক্ত করা হয়েছে।
আঞ্চলিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভুল তথ্য পাওয়া গেছে চট্টগ্রাম অঞ্চলে—১২১টি পদে। এরপর বরিশালে ৩৯টি, খুলনায় ৩৮টি, রাজশাহীতে ১৪টি, রংপুরে ১১টি, ঢাকায় ৫টি, সিলেটে ৪টি, ময়মনসিংহে ৩টি এবং কুমিল্লায় ২টি পদের চাহিদায় ত্রুটি পাওয়া গেছে।
মাউশি আরও জানিয়েছে, ভুল তথ্য প্রদান এবং সময়মতো যাচাই না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী সংশ্লিষ্ট অধ্যক্ষদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে কিনা, সে বিষয়ে কারণ দর্শানোর জবাব চাওয়া হয়েছে।
এছাড়া গভর্নিং বডির সভাপতির পদশূন্য ঘোষণা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মতামত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন