এ সম্পর্কিত আরও খবর
জুয়া ও মাদক নিয়ন্ত্রণে মন্ত্রিসভায় নতুন খসড়া আইন অনুমোদন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনটির খসড়া উপস্থাপন করা হয়।
সরকার বলছে, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে জুয়ার বিস্তার বেড়েছে। এ কারণে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ কমানো এবং জুয়ার সামাজিক, অর্থনৈতিক ও মানসিক ক্ষতি প্রতিরোধে বিদ্যমান ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ আধুনিকায়ন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এ জুয়া, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী, ডিজিটাল সম্পদ, অনলাইন গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, বেটিং, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। মন্ত্রিসভা আইনটির খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এদিন মন্ত্রিসভা ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে তৈরি এ আইনে পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নফাঁস, জাল সনদ তৈরি এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে নতুন বিধান যুক্ত করা হয়েছে।
খসড়া আইনে পাবলিক পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তন করাকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া পরীক্ষায় সংগঠিত জালিয়াতি বা চক্র গঠন করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
সভায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়াতেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনে বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির কথা বলা হয়েছে।
একই বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ আইনে মাদক পাচার, অপব্যবহার এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
খসড়া আইনে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সাইবার স্পেসে সংঘটিত মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে আন্তঃসংস্থা সমন্বয় এবং মাদক শনাক্তে ডগ স্কোয়াড গঠনের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভা ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন