এ সম্পর্কিত আরও খবর
প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে আজ রোববার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন।
মালয়েশিয়া সফর শেষে আগামী ২২ জুন রাতে কুয়ালালামপুর থেকে চার দিনের সফরে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। চীন সফরের শেষ দিনে ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।
চীন সফরে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং প্রটোকল-সংক্রান্ত একটি নোট সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শীর্ষ নেতাদের বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
শনিবার (২১ জুন) প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ২৩ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী চীন সফর করবেন। সফরের সময় ২৬ জুন শি জিনপিংয়ের সঙ্গে এবং এর আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।
তিনি জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন বিকালে চীনের ডালিয়ান শহরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইওসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। একই দিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন তিনি।
২৪ জুন সামার দাভোসের ১৩তম বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। এরপর ট্রেনে করে বেইজিং যাবেন তিনি।
২৫ জুন চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখবেন তিনি। সেখানে চীনা ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানানো হবে।
পরে চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
২৬ জুন চীনের জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। একই দিন তিয়েনআনমেন স্কয়ারে বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র সচিব জানান, ২৬ জুন বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে তার সফরসঙ্গীর সংখ্যা ২৮ জন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, চীনের সঙ্গে উজানের পানিপ্রবাহ, সমন্বিত নদী ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।
তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট ঘোষিত চারটি বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সফরের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আসাদ আলম সিয়াম বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’ আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মালয়েশিয়া সফরে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার বিষয়টি আলোচনায় তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানানো হবে।
তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটি রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন