এ সম্পর্কিত আরও খবর
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন, নিয়মিত আলোচনা এবং বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহু দশকের। আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও বাস্তব সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে। কূটনীতি থেকে উন্নয়ন, উন্নয়ন থেকে বাণিজ্য এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে দুই দেশের সম্পর্ক।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের বিনিয়োগের জন্য প্রস্তুত। দীর্ঘদিনের বন্ধু চীনের সঙ্গে আরও বড় পরিসরে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।
তিনি আরও বলেন, বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ প্রস্তুত। বিনিয়োগকারীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা কমাতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী জানান, এখন থেকে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আইন অনুযায়ী মূলধন ও মুনাফা ফেরত নেওয়ার সুযোগ এবং শক্তিশালী আইনি সুরক্ষা পাবেন।
তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করে ভ্যালু চেইন সম্প্রসারণে অংশ নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন