এ সম্পর্কিত আরও খবর
তিস্তা ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীকে আশ্বাস দিলেন চীনের পানি সম্পদমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৪২ পিএম
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, নদী খননসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এসব কার্যক্রমে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
প্রধানমন্ত্রী বিশেষভাবে বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা কামনা করেন। পাশাপাশি নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন উন্নতিতেও চীনের সহযোগিতা চান তিনি।

জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
লি গুয়িং ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) কথা উল্লেখ করেন। পাশাপাশি গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়টিও তুলে ধরেন তিনি।
চীনের পানি সম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। এ খাতের উন্নয়নে বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন