এ সম্পর্কিত আরও খবর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:৪৫ এএম
-
ছবি: সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এ বৈঠক শুরু হয়।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় চীনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সফরসঙ্গীরা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন তিনি। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান যান প্রধানমন্ত্রী। সেখানে দুই দিন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি চীনের বিভিন্ন সরকারি সংস্থা ও বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনাসহ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। সফরে তার সঙ্গে রয়েছেন ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে রয়েছেন ১১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।
সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন