এ সম্পর্কিত আরও খবর
ঢাকাকে বাসযোগ্য শহরে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই বাস্তবতা থেকে উত্তরণে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়। বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে পরিবেশের বর্তমান অবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব।’
তিনি বলেন, উন্নয়নের নামে যত্রতত্র শিল্পকারখানা গড়ে তোলা কোনোভাবেই কাম্য নয়। পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েই দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অনেক মানুষ এখনো পরিবেশ বিষয়ে পর্যাপ্ত সচেতন নন। তাই পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শুধু আইন প্রয়োগ করে এ সমস্যার সমাধান সম্ভব নয়, বরং মানুষের মানসিকতা ও আচরণে পরিবর্তন আনতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি সবাইকে পরিবেশ উপযোগী গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকতে হবে। এর পরিবর্তে দেশীয় ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি ক্যাটাগরিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের প্রভাবশালী সাময়িকী *দ্য ইকোনমিস্ট* গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের ১৭৩টি শহরের বাসযোগ্যতা সূচক প্রকাশ করে। ওই তালিকায় বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল রাজধানী।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন