এ সম্পর্কিত আরও খবর
বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
-
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে গৌরনদী উপজেলার নবখননকৃত সরিকল–বাটাজোর খালের দুই পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপকারভোগীদের খোঁজখবর নেন, তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে এটি প্রথম সরকারি সফর। সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।
সফরের সূচি অনুযায়ী, বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন