এ সম্পর্কিত আরও খবর
জিয়াউল আহসানের ৯ তলা ভবন নিয়ন্ত্রণে দুদক, মিলল দুর্নীতির আলামত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পূর্বাচলের ৯ তলা ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় আদালতের নির্দেশে পরিচালিত অভিযানে ভবনটি থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনসংক্রান্ত নথি ও বিভিন্ন অসঙ্গতির আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
একই দিনে গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের জব্দ করা দুটি ফ্ল্যাটও নিয়ন্ত্রণে নেয় দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। সেখানে দুর্নীতির নানা আলামত এবং ২৬০ ধরনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৪২ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে ২০২৫ সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করা হয়। পরে দুদকের আবেদনের পর আদালত তাদের সম্পদ বিক্রি, হস্তান্তর বা অন্য কোনোভাবে পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সম্পদ জব্দের নির্দেশ দেন।
আদালতের সেই আদেশ অনুযায়ী সোমবার সকাল থেকে পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় অবস্থিত ৯ তলা ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণের কার্যক্রম শুরু করে দুদক। অভিযানের সময় ভবনটিতে থাকা আসবাবপত্রের পাশাপাশি আর্থিক লেনদেনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, দুদিনব্যাপী অভিযানের মাধ্যমে গুলশানে অবস্থিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ গ্রহণ করে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। অভিযানে ফ্ল্যাট দুটি থেকে দুর্নীতির বিভিন্ন আলামত এবং ২৬০ ধরনের সামগ্রী উদ্ধার করা হয়েছে।
দুদকের দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ৯টি দেশে প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের প্রমাণও পেয়েছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন