এ সম্পর্কিত আরও খবর
অবশেষে দেশে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১২ এএম
-
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস নামক ক্যাম্পে আটক অবস্থায় পাওয়া অসুস্থ বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর অবশেষে দেশে ফিরছেন। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে তার পরিচয় শনাক্তের পর সরকারি খরচে আগামী ৭ নভেম্বর তাকে দেশে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সম্প্রতি ক্যাম্পে সেবা প্রদানকালে ওই বাংলাদেশিকে খুঁজে পান। তিনি অসুস্থ ও কথা বলতে অক্ষম ছিলেন। তার কার্ডে কোনও নাম বা তথ্য না থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১ অক্টোবর হাইকমিশনের ফেসবুক পেজ থেকে তার সম্পর্কে তথ্য চেয়ে অনুরোধ জানানো হয়।
ঘোষণার পর দেশের পাঁচটি জেলা থেকে ওই ব্যক্তির বিষয়ে তথ্য আসে। তথ্য যাচাই-বাছাই শেষে নরসিংদী জেলার তথ্যটি সত্য বলে নিশ্চিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার নাম মো. জাহাঙ্গীর আলম, পিতা মৃত গিয়াস উদ্দিন, গ্রাম চরদিঘলদী, ওয়ার্ড নং ৮, ডাকঘর চরদিঘলদী, থানা মাধবদী, উপজেলা নরসিংদী সদর।
জাহাঙ্গীর আলমের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং সরকারি খরচে দেশে ফেরার বিমান টিকিটও নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তাকে আগামী ৭ নভেম্বর দেশে পাঠানো হবে।
হাইকমিশন আরও জানিয়েছে, জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ ঘটনায় সহযোগিতা ও তথ্য প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন