এ সম্পর্কিত আরও খবর
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
চলতি মাসেই দেশে জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। মাসের শেষ নাগাদ ক্রমান্বয়ে পুরো দেশে শীত শুরু হতে পারে।
রবিবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব কারণেই মাসের শুরু থেকে শীতের অনুভূতি আরও বাড়বে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বর জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সব ঠিক থাকলে ১০ নভেম্বরের পর থেকেই উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় শীতের আমেজ শুরু হবে। পরবর্তীতে তা ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়বে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ডিসেম্বরের প্রথমার্ধে রাজধানীতে ভালোভাবে শীত অনুভূত হবে। এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন