এ সম্পর্কিত আরও খবর
জামায়াত ইস্যুতে সংকটে এনসিপি, বাড়তে পারে পদত্যাগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন ইস্যুতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সংকট ঘনীভূত হয়েছে। সম্ভাব্য এই জোট গঠন প্রচেষ্টার প্রতিবাদে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির প্রিয় মুখ তাসনিম জারা। আরও বেশ কয়েকজন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় ভাঙন ঠেকাতে দলের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন এনসিপির গুরুত্বপূর্ণ ৩০ জন সদস্য।
জামায়াতের সঙ্গে ইতোমধ্যে সাতটি ইসলামি দলের আসন সমঝোতা হয়েছে। তবে আনুষ্ঠানিক জোট গঠন হয়নি। এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সঙ্গেও জোট গঠনের পরিবর্তে কেবল আসন সমঝোতার পথে এগোতে পারে জামায়াত। সে ক্ষেত্রে এনসিপির সঙ্গে থাকা তিনদলীয় জোটের শরিক ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশ’ এই সমঝোতায় থাকছে না। তবে এনসিপির অপর শরিক আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থাকবে।
জামায়াত ইস্যুতে এনসিপিতে পদত্যাগ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতাকে কেন্দ্র করে এনসিপির ভেতরে তীব্র মতবিরোধ ও অস্থিরতা তৈরি হয়েছে। ইতোমধ্যে দলটির একাধিক নেতা পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দলীয় ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করেন। এর পরদিন গতকাল শনিবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও আলোচিত নেত্রী ডা. তাসনিম জারা ও স্বামী খালেদ সাইফুল্লাহ দল ছাড়েন। তাসনিম জারা পদত্যাগের পর ঢাকা-৯ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এনসিপি অবস্থান পরিষ্কার না করলে শিগগিরই আরও কিছু নেতা পদত্যাগ করতে পারেন।
এনসিপি সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেই জারা ও সাইফুল্লাহ পদত্যাগ করেছেন। গত বুধবার রাতে অনুষ্ঠিত এনসিপির নির্বাহী পরিষদের বৈঠকে একাধিক নেতা ও নেত্রী জামায়াতের সঙ্গে জোটের বিরুদ্ধে অবস্থান নেন। তারা নারী অধিকার ও রাজনৈতিক অধিকার বিষয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান জানতে চান। বৈঠকের পর জামায়াতের সঙ্গে জোটে ‘না’ যাওয়ার পক্ষে একাধিক কারণ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে লিখিত জমা দেওয়া হয়। অন্তত ৩০ জন নেতা ও নেত্রী জামায়াতের সঙ্গে জোট না করার যুক্তিসংগত কারণ উল্লেখ করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। তাদের এই চিঠিতে দলের ভেতরে বেশ সাড়া পড়ে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত বৈঠকে দলের নারীনেত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা সম্মিলিতভাবে পদত্যাগের ঘোষণা দেবেন। জামায়াতের সঙ্গে জোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম, তাজনুভা জাবীনসহ একাধিক নেত্রী। ক্ষোভ প্রকাশ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মাইনাসের গেইম খেলো না বন্ধু, আমলনামা সুরক্ষিত আছে। সততার শক্তিকে চ্যালেঞ্জ কইরো না।’
জোট ও আসন সমঝোতা প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দলের বৈঠকে জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে পক্ষ-বিপক্ষ উভয় মতামতই এসেছে। দলের মধ্যে এসব মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২৯ ডিসেম্বরের আগেই বিষয়টি পরিষ্কার হবে।
আসন বণ্টন নিয়ে টানাপোড়ন
এদিকে আসন বণ্টন নিয়ে জামায়াত ও এনসিপির মধ্যে টানাপোড়েন রয়েই গেছে। এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসনে সমঝোতার প্রস্তাব দিলেও জামায়াত ৩০টি আসন দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি এনসিপির শরিক দল এবি পার্টিকে পাঁচটি আসন ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, জোট বা সমঝোতা হলে সমমনা সেই সব এনসিপি নেতাকে জামায়াত ছাড় দিতে চায়, যারা সংসদে গিয়ে জামায়াতের পক্ষে কথা বলবেন। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে জামায়াত নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, সমঝোতার বাইরে কোনো আসনে যেন এনসিপি প্রার্থী না দেয়, সেই নিশ্চয়তা দিতে হবে। জামায়াতের প্রস্তাবে এনসিপি নেতাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এনসিপিতে যোগ দিতে চান আসিফ ও মাহফুজ, জামায়াতের আপত্তি
এদিকে জামায়াতের সঙ্গে জোট আলোচনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে নিয়েও টানাপোড়েন তৈরি হয়েছে। এনসিপির এক মুখপাত্র জানিয়েছেন, আসন্ন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে মাহফুজ আলম নির্বাচন করবেন না। তারা দুজনই এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও জামায়াতে ইসলামী তাদের এনসিপিতে দেখতে চায় না। জোট হলে তাদের প্রার্থী হিসেবে মানতে রাজি নয়। কারণ হিসেবে একজনের বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যজনের বিরুদ্ধে মওদুদীর মতবাদসহ নানা বিষয়ে জামায়াতকে আক্রমণের অভিযোগ তোলে দলটি।
জামায়াত-এনসিপির জোট বা আসন সমঝোতা প্রসঙ্গে দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন খবরের কাগজকে বলেন, ‘বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। জোট হবে নাকি কেবল আসন সমঝোতা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।’
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন