এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন
হাসনাতকে আমি চিনি না, দেখাও হয়নি এখনো : মঞ্জুরুল আহসান মুন্সী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চার বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, ‘আমার সঙ্গে ওই ছেলের (হাসনাত আব্দুল্লাহ) পরিচয় নেই, কিছুই নেই, আগেও ছিল না, কোনো সময়ই ছিল না। এ ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি ওই ছেলেকে এখনো চিনি না, দেখাও হয়নি এখনো।’
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি চারবার এমপি হয়েছি। প্রত্যেকবারই কিন্তু চ্যালেঞ্জ ছিল। প্রথমবার আমি প্রফেসর মোজাফ্ফরের সঙ্গে ইলেকশন করেছি, তারপর গোলাম মোস্তফার সঙ্গে, ফখরুল ইসলামের সঙ্গে। আমি সবগুলোকেই চ্যালেঞ্জ হিসেবে দেখি।
এখন নতুন হিসেবে ওনি (হাসনাত আব্দুল্লাহ) এসেছেন। মাঠে-ময়দানে দেখা হবে, কথা হবে। বাদবাকিটা তো ভোটাররাই জানেন। আমি আর বেশি কিছু বলতে চাই না।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও একই আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তার এমন মন্তব্যের এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরেই তৈরি হয় আলোচনা-সমালোচনা।
তবে তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি বলেন, ‘ইদানীং লক্ষ করা যাচ্ছে ভাইরাল হওয়ার লোভে কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য কিছু মিডিয়াকর্মী তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে গুজব ছড়ানোর চেষ্টা করছে। একজন সংবাদকর্মীর দায়িত্ব হলো যেকোনো বিষয় যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে সত্যটা মানুষের সামনে তুলে ধরা।আংশিক বা কাটছাঁট করা বক্তব্য নয়।’
তিনি আরো বলেন, ‘আমার বাবা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী একটি প্রশ্নের উত্তরে বলেছেন, আমি তো ওনারে দেখিনি, পরিচয়ও নেই। তার এ বক্তব্যকে যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে—তা অত্যন্ত বিভ্রান্তিকর ও ভয়ংকর।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন