এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
আল্লাহর পরিকল্পনায় বিএনপির জোয়ারের বিপক্ষে নির্বাচন করতে হচ্ছে: রুমিন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা৷ তবে এ আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দিয়েছে বিএনপি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে।

আল্লাহর এ পরিকল্পনায় আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিনের কী অদ্ভূত পরিকল্পনা, ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বোঝার ক্ষমতার বাইরে।
নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে রুমিন ফারহানা আরও বলেন, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস।
মানুষ যে ভালোবাসা এবং আস্থা-বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই আসন থেকে বিএনপির জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিব মনোনয়নপত্র জমা দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন