এ সম্পর্কিত আরও খবর
বিভিন্ন মহলে চলছে গুঞ্জন
রাজনীতিতে আসছেন জাইমা রহমান?
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর রাজনীতিতে তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমাকে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে বাবার পাশে বা তার প্রতিনিধি হিসেবে দেখা গেছে।
গত বছর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা। সেখানে তিনি আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক ভার্চুয়াল সভায় বক্তব্য দেন তিনি। ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বিএনপির একটি বৈঠকেও তার উপস্থিতি ছিল।
খালেদা জিয়ার অসুস্থতা ও পরবর্তী সময়ে তার মৃত্যু ঘিরে নানা আনুষ্ঠানিকতায় বাবার পাশে সক্রিয়ভাবে ছিলেন জাইমা রহমান। সংসদ ভবনে বিদেশি অতিথিদের সমবেদনা গ্রহণ, জানাজা ও দাফন কার্যক্রমেও তাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

১৯৯৫ সালে জন্ম নেওয়া জাইমা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর তিনি বাবার সঙ্গে দেশে ফেরেন।
ফেসবুক পোস্টে জাইমা রহমান জানিয়েছেন, তিনি দাদির পাশে থাকতে চান এবং বাবাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো ইঙ্গিত দিচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাইমা রহমান ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন