এ সম্পর্কিত আরও খবর
কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন রুমিন ফারহানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকারের একটি দাপ্তরিক চিঠি প্রকাশ পাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, একজন ইউএনও যদি নিজের দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা ২৪ ঘণ্টাও রক্ষা করতে না পারেন, তাহলে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি কীভাবে সঠিকভাবে পালন করবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একই সঙ্গে ভোটের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
রুমিন ফারহানা জানান, গত ১৩ জানুয়ারি ২০২৬ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে জমা দিলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি বা গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করা হয়নি।
রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী নিয়মিত মাইকিং করছেন, স্টেজ নির্মাণ করে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে বড় জনসভা করছেন। এসবের ভিডিও ও ছবি প্রমাণসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, যে রিটার্নিং কর্মকর্তা নিজের স্বাক্ষরিত চিঠির গোপনীয়তা নিশ্চিত করতে পারেন না, তার হাতে পাঁচ লাখ ভোটারের ভোট কতটা নিরাপদ থাকবে, সে প্রশ্ন জনগণের মনে জাগতেই পারে।
এ সময় তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কর্তৃক ম্যাজিস্ট্রেটের গাড়ির দিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের ঘটনাও তুলে ধরেন। নিরাপত্তাজনিত কারণে ওই গাড়িটি সভাস্থলের বাইরে রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
রুমিন ফারহানার অভিযোগ, বড় দলের প্রার্থীরা প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন