এ সম্পর্কিত আরও খবর
প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
-
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এই প্রচারের সূচনা হিসেবে সিলেট থেকে নির্বাচনি মাঠে নামছে বিএনপি।
দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই একাধিক জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সফরসূচিতে রয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
বুধবার রাজধানীর গুলশান ২ এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, তারেক রহমান আজ রাতেই বিমানে সিলেট যাবেন এবং সেখানে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন তিনি। পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর নরসিংদী পৌর পার্কসংলগ্ন সমাবেশে অংশ নেবেন তিনি। ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকায় ফিরবেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারতসহ কয়েকটি কর্মসূচি বাতিল করা হয়েছিল, কারণ এসব সফরকে ঘিরে বড় ধরনের জনসমাগমের আশঙ্কা ছিল।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যুক্ত করা হবে। সিলেট সফরে তার সঙ্গে থাকছেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন