এ সম্পর্কিত আরও খবর
হাসনাতের আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা - দশমিনা) আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা চার আসনে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
প্রতীক বরাদ্দের সময় হাসনাত আবদুল্লাহ সরাসরি উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় শাপলা কলি প্রতীকের কাগজপত্র গ্রহণ করেন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিমকে হাতপাখা, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানকে দেয়ালঘড়ি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকারকে আপেল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন