এ সম্পর্কিত আরও খবর
জামায়াত-আমেরিকা ‘আঁতাত’ দেশের জন্য ‘অশনিসংকেত’: মির্জা ফখরুল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফিলিস্তিনে রক্তক্ষরণ চলাকালে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘গোপন আঁতাত’ চলছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য চরম অশনিসংকেত।
শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ও সুখানপুকুরি এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা স্পষ্ট করতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। তার ভাষ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে দেশবাসীর সামনে ব্যাখ্যা দিতে হবে এই আঁতাতের পেছনে কী রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলার সময় এ ধরনের গোপন সমঝোতা শুধু উদ্বেগজনক নয়, দেশে অস্থিরতারও কারণ হতে পারে।
নির্বাচনি পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচনে চেনা প্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ নেই। এখন মূল লড়াই জামায়াতের ‘দাঁড়িপাল্লা’র সঙ্গে। অতীতে জামায়াতের নির্যাতনে মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যারা একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের সঙ্গে বিদেশি শক্তির ঘনিষ্ঠতা দেশের জন্য শুভ নয়।
তিনি আরও বলেন, “আমরা ভারত নই, পাকিস্তানও নই আমরা বাংলাদেশি। তাহলে ঘরের রাজনীতিতে কেন ভিনদেশি মাতবরি থাকবে?”
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই একই দেশের নাগরিক। বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার পূর্ণ দায় দলটি নেবে।
সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন