এ সম্পর্কিত আরও খবর
ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারেজ প্রকল্পে হাত দেবে বিএনপি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীকে সরকার গঠিত হলে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রাজশাহীসহ এ অঞ্চলের দীর্ঘদিনের পানির সংকটের সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। দুপুর ২টার দিকে মঞ্চে উঠলে নেতাকর্মী ও সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমানও হাত নেড়ে শুভেচ্ছা জানান।
জনসভায় তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য কার্যকর কোনো উন্নয়ন হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি বলেন, জিয়াউর রহমানের সময়ে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হয়েছিল, অথচ বর্তমানে সেই প্রকল্প কার্যত বন্ধ। বিএনপি ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।
রাজশাহীর সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ২২ বছর পর আবার রাজশাহীতে এসেছেন। রাজশাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও এখানে গড়ে ওঠা আইটি পার্ক কার্যকর নয়। বিএনপি সরকার গঠন করলে আইটি পার্ককে সচল করা হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে এবং রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে। তারেক রহমানের ভাষায়, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন।
তিনি বলেন, এখন সমালোচনার সময় নয়, সময় দেশ গড়ার। পাশাপাশি সারাদেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তারেক রহমান বিমানে করে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি নগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন