এ সম্পর্কিত আরও খবর
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৪৭ শতাংশ মানুষ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার।
তিনি জানান, রাউন্ড-৩ জরিপটি মূলত ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ এবং নির্বাচনী পরিবেশ নিয়ে জনমত জানার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। একই সঙ্গে আগের রাউন্ডে অংশ নেওয়া উত্তরদাতাদের মতামতে কোনো পরিবর্তন এসেছে কি না, তা তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে। নির্বাচন ঘিরে বিভিন্ন পরিস্থিতি ও ঘটনাপ্রবাহের সঙ্গে জনমত পরিবর্তিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানান, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন।
আগের রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও সেই অবস্থানে রয়েছেন। আর যারা আগে ভোট দেবেন না বলেছিলেন, তাদের ৭৮ দশমিক ৫ শতাংশ এবার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগে মতামত না দেওয়া উত্তরদাতাদের মধ্যে ৮৯ দশমিক ৭ শতাংশ ভোট দেওয়ার ইচ্ছা জানিয়েছেন। জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিক অংশগ্রহণের হার এখনো বেশি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন