এ সম্পর্কিত আরও খবর
বাংলার মানুষ ভারত ও আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “আমেরিকা ও ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি—বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”
তিনি বলেন, “যে ইনসাফ বা নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতি ও আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে, যে নীতিতে রাস্তায় নামলে মানুষ গুম হয়ে যেত এবং ঘরে গেলে খুন হয়ে যেত—সেই নীতিতেই তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দেন।
চরমোনাই পীর রেজাউল করীম আরও বলেন, “প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ পরিচালনার পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে? এই একই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করবে তারা?”
তিনি দাবি করেন, “জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ পরিচালনা করবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত ব্যবস্থাতেই দেশ চালাবে। তাদের এক প্রার্থী কৃষ্ণনন্দী এলাকায় বলেছেন—জামায়াত কোনো ইসলামী দল নয়। তাহলে তারা ক্ষমতায় গেলে কোন নীতি ও আদর্শে দেশ পরিচালনা করবে?”
লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করীম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন