এ সম্পর্কিত আরও খবর
ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা বুধবার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওইদিন বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ইশতেহার ঘোষণা করবে দলটি।
রোববার (১ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর চরমোনাই) সভাপতিত্বে দলের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সন্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরিয়াহ প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শব্দ-বন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরিয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, আর্থিক খাতে শৃঙ্খলা আনয়ন, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও সন্মানভিত্তিক বৈদেশিক নীতি ইশতেহারে গুরুত্ব পাবে। সংবাদ সম্মেলনে ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই)। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন