এ সম্পর্কিত আরও খবর
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
দায়িত্ব পেলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন—এ কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশকে সামনে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গত ১৫–১৬ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ নেতাকর্মী গায়েবি মামলায় হয়রানির শিকার হলেও ২০২৪ সালের জুলাই–আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।
২৬ মিনিটের বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকারসহ মৌলিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচনই নয়, স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেউ প্রতিবাদ করলে রাতের আঁধারে খুন, গুম ও তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, আগামী ১২ তারিখ জনগণ সেই বঞ্চিত অধিকার প্রয়োগ করবে।
অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতেও আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলাম। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহতালার রহমতে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু সকল দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, যাদের কাছে মানুষের মূল্যয়ন নেই, আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।
নারী ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, এই দেশে জনসংখ্যা প্রায় ২০ কোটি। এই ২০ কোটির মধ্যে অন্তত ১০ কোটি নিয়ে এদেশের নারী সমাজ, অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা যতোই বড় কথা বলি না কেন; যতো পরিকল্পনা করি না কেন -দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। কোনভাবেই সম্ভব নয়, দেশকে পুনর্গঠন করা। এজন্যই দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুলপর্যায় থেকে কলেজ পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে এই বিশাল জনশক্তি শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা।
এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। উল্লেখ্য, এটি খুলনায় তারেক রহমানের চতুর্থ সফর। সর্বশেষ তিনি ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন