এ সম্পর্কিত আরও খবর
বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন ধারাবাহিকভাবে সংস্কারের পক্ষে কথা বলেছে ও আন্দোলন করেছে, তখন যারা একবারের জন্যও সংস্কারের কথা বলেনি, আজ তারাই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে। তিনি অভিযোগ করেন, তথাকথিত নব্য সংস্কারবাদীরা সংস্কারের জনক, ধারক ও বাহক বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে, যা বিস্ময়কর। বিএনপির বিশ্বাস, জনগণের ক্ষমতায়ন ও ভোটাধিকারের মাধ্যমেই গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নিয়ে এগিয়েছে। ২০১৬ সালে দলটি জাতির সামনে ভিশন-২০৩০ উপস্থাপন করে। ২০২২ সালে ২৭ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব এবং ২০২৩ সালে আরও বিস্তৃতভাবে ৩১ দফা ঘোষণা করা হয়। তিনি বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব সর্বপ্রথম বিএনপিই তোলে। একইভাবে ২০১৪ সালেই তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ উৎসাহিত করতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, যা দলের শীর্ষ নেতারা ইতোমধ্যেই বারবার ঘোষণা করেছেন।
বরিশাল ও ফরিদপুরে তারেক রহমানের নির্বাচনী সফর
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার তার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাবেন। ৪ জানুয়ারি সকাল ১১টায় তিনি আকাশপথে ঢাকা থেকে বরিশালে পৌঁছে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরে দুপুর ১টায় ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন। সমাবেশ শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।
তারেক রহমানকে ঘিরে অপতথ্যের অভিযোগ
মাহদী আমিন বলেন, গত এক সপ্তাহেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মে উঠে এসেছে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। বিএনপির ক্রমবর্ধমান জনসমর্থনের মুখে তারা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্যের আশ্রয় নিয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনসিসি ক্যাডেট মোতায়েনে আপত্তি
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহদী আমিন। তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক বিএনসিসি ক্যাডেট কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত। ফলে তাদের নির্বাচনী কাজে সম্পৃক্ত করা হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সৃষ্টি হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিতভাবে ক্যাডেট মোতায়েন না করার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
পর্যবেক্ষক সংখ্যা নিয়ে উদ্বেগ
নির্বাচনী পর্যবেক্ষক নিয়েও উদ্বেগের কথা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক অনুমোদন পেয়েছেন, যার মধ্যে মাত্র ১৬টি সংস্থা থেকেই ৩৪ হাজার ৪৪২ জন পর্যবেক্ষক রয়েছে। আরও উদ্বেগজনক হলো, কয়েকটি সংস্থার নেতৃত্বে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
এ পরিস্থিতিতে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে তিনটি দাবি তুলে ধরেন মাহদী আমিন। এগুলো হলো পর্যবেক্ষকদের পূর্ণ তালিকা যাচাই করে রাজনৈতিকভাবে সংশ্লিষ্টদের বাদ দেওয়া, অভিজ্ঞতা কম থাকা সংস্থার পর্যবেক্ষক সংখ্যা কমানো এবং কোনো কেন্দ্রে একসঙ্গে দুইজনের বেশি স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ না করার নির্দেশনা জারি করা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন