এ সম্পর্কিত আরও খবর
বরিশাল-ভোলা সেতু আমাদের করতে হবে: তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে সরকার গঠন করলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের উন্নয়ন এবং ভোলায় মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, ১৯৯৩ সালে বিএনপি সরকার বরিশালকে বিভাগ হিসেবে ঘোষণা করেছিল। এরপর বিভিন্ন সময় এ অঞ্চলের উন্নয়নে কাজ করা হলেও এখনও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন বাকি রয়েছে। এর মধ্যে বরিশাল–ভোলা সেতু নির্মাণ, শেরে বাংলা মেডিকেল কলেজের আধুনিকায়ন এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপন অন্যতম।
বরিশাল বিভাগ ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নদীভাঙন এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা। নদীভাঙনের কারণে বহু পরিবার ঘরবাড়ি হারাচ্ছে, কবরস্থান ও মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ-দাদার ভিটেমাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। এ পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করতে হলে দ্রুত ও কার্যকরভাবে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল অঞ্চলে পল্লী বিদ্যুৎ চালু করেছিলেন। বিদ্যুৎ সুবিধা, বরিশাল বিভাগ ঘোষণা এবং আরও বহু উন্নয়নকাজ বিএনপির আমলেই শুরু হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী শাসনের কারণে অনেক কাজ অসম্পন্ন রয়ে গেছে এবং নতুন করে সমস্যাও তৈরি হয়েছে।
বিগত ১৬ বছরে রাস্তাঘাটের অবনতি ঘটেছে, স্কুল-কলেজের অবস্থা নাজুক হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট দেখা দিয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের অভাব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, এসব সমস্যার সমাধান করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
বক্তব্যে তিনি বরিশাল বিভাগের কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, এই অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয় এবং বহু মানুষ মৎস্য চাষের সঙ্গে যুক্ত। কৃষক ও মৎস্যচাষীদের সহায়তায় বিএনপি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন