এ সম্পর্কিত আরও খবর
১৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা মামুনুল হকের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে দশ দলীয় নির্বাচনি ঐক্যের রিকশা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ১৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে সন্ত্রাস ও মাদক নির্মূল, কিশোর গ্যাং সংশোধন, নাগরিক সেবা উন্নয়ন এবং জবাবদিহিমূলক রাজনীতির অঙ্গীকার তুলে ধরা হয়।
বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা-১৩ আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণার অনুষ্ঠানে তিনি এসব দফা উপস্থাপন করেন।
ঘোষিত ইশতেহারের প্রথম দফায় দুর্নীতিমুক্ত ঢাকা-১৩ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। ভূমি, ট্রেড লাইসেন্স ও জন্মনিবন্ধনসহ সব নাগরিক সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু করে দালালচক্র উচ্ছেদ এবং উন্নয়ন প্রকল্পের বাজেট ও অগ্রগতি প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়।
সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন মামুনুল হক। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, কিশোর গ্যাং সংশোধনে সামাজিক উদ্যোগ এবং প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।
নিরাপদ জনপথ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন, সড়কবাতি ও পুলিশি টহল জোরদার এবং বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টাস্কফোর্স গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধের কথা বলা হয়।
যানজট নিরসনে অসমাপ্ত সড়ককাজ দ্রুত শেষ, ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ নির্মাণসামগ্রী অপসারণ এবং সবুজায়নের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। জলাবদ্ধতা নিরসনে রামচন্দ্রপুর খালসহ সব খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
ইশতেহারে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির কথা তুলে ধরে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ, স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা বলা হয়। শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু এবং বেদখল মাঠ উদ্ধার করার প্রতিশ্রুতি দেন তিনি।
গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহে দুর্নীতি দূর করে ন্যায্য বণ্টন নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক-নার্স সংকট নিরসন এবং বস্তিবাসী ও জেনেভা ক্যাম্পবাসীর পুনর্বাসনের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এ ছাড়া ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, নারী নিরাপত্তা জোরদার এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
শেষ দফায় মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও শাপলার শহীদদের সম্মান, ভাতা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং নিয়মিত জনসংলাপের মাধ্যমে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন মাওলানা মামুনুল হক।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন