এ সম্পর্কিত আরও খবর
আমির হামজার ফেসবুক পেইজ বন্ধ করল মেটা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ সাইবার হামলার মাধ্যমে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল। এনামুল হক বলেন, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই কাজ করেছে। তবে তিনি বলেন, “ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না।”
তিনি আরও জানান, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সমর্থকদের উদ্দেশে তিনি ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।
এ বিষয়ে এনামুল হক আরও জানান, জোহরের নামাজের পর মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি অপসারণের বিষয়টি নজরে আসে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন