এ সম্পর্কিত আরও খবর
নীলফামারীতে তারেক রহমান
‘নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ যদি নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।’
তিনি বলেন, ‘আমরা ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। নীলফামারীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় অবকাঠামো দ্রুত বাস্তবায়নসহ সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। আমাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ ১৬ বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। এই এলাকার উন্নয়নে কোন কাজ করেনি।’
তারেক রহমান বলেন, ‘এবারের নির্বাচন শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয় বরং জাতিকে পুনর্গঠনের নির্বাচন। জনগণের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। তাই আগামী ১২ তারিখের নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। নীলফামারী জেলা কৃষি অঞ্চল হিসেবে পরিচিত। এ জেলাকে আমরা কৃষি অঞ্চল হাব হিসেবে গড়ে তুলব। এ জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে ।
তিনি আরও বলেন, ‘নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কারণ নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড প্রত্যেক কৃষক ভাইদের কাছে পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যেসব নেওয়া হয়েছে, সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এই এলাকা কৃষি নির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো, তেমনভাবে এই এলাকায় কৃষি নির্ভর শিল্প বিকশিত করবো, যাতে কর্মসংস্থান হয়। যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা লাগবে। নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভাটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সদস্যসচিব এসএম সাইফুল্লাহ রুবেল।’
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন