এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জ-৬: নির্বাচনী জনসভায় হাসনাত আবদুল্লাহ
'চাঁদাবাজ ও বিদেশিদের হাতে দেশ তুলে দেওয়া হবে না'
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে দেশ পিছিয়ে যাবে নাকি এগিয়ে যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, ভোটকেন্দ্র দখল করতে আসে—তাদের মা–বাবার কাছ থেকে বিদায় নিয়েই আসতে হবে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।”
তিনি অভিযোগ করে বলেন, “বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, মৃত মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দেওয়া হয়েছে এবং প্রহসনের নির্বাচন আয়োজন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় জনগণ রাস্তায় নামলে তা কামান দিয়েও সামাল দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায় জনগণ রাস্তায় নামলে তা কামান দিয়েও সামাল দেওয়া যাবে না।
জনসভাটি আয়োজন করা হয় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এনসিপি মনোনীত, জামায়াত ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে। সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৬ (উল্লাপাড়া) আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি এমনকি নিজেদের দলীয় কর্মীদের হত্যা করছে। যাদের হাতে নিজ দলের মানুষ নিরাপদ নয়, তাদের হাতে দেশও নিরাপদ হতে পারে না।”
তিনি ন্যায় ও ইনসাফের দেশ গড়তে ১১-দলীয় জোট প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে শাপলা কুঁড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব, জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক আল মামুন, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সভাপতি সামিউল ইসলাম, পূর্ব সভাপতি আতিকুর রহমান, শাহজাদপুর পৌর জামায়াতের আমির আমিনুল ইসলাম, সাবেক উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা নজরুল ইসলাম ও কলেজ ছাত্রশিবির সভাপতি সজিব শেখ।
জনসভার আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসেন। পুরুষদের পাশাপাশি শত শত নারীও জনসভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন