এ সম্পর্কিত আরও খবর
বিএনপিই একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে: তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
-
ছবি: সংগৃহীত
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঢাকা-৫ আসনের নির্বাচনি জনসভায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিকেলে উত্তর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর জনপ্রিয়তা দেখেই বোঝা যায়, বিএনপি সঠিকভাবে তাকে মনোনয়ন দিয়েছে। যাত্রাবাড়ী থেকেই স্বৈরাচারকে বিদায় জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারমুক্ত হওয়ায় জনগণ আজ স্বাধীনভাবে কথা বলতে পারেন। তবে দেশের সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনা সহজ কাজ নয়। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং অভিজ্ঞতা। বিএনপি একমাত্র দল যার এই অভিজ্ঞতা রয়েছে।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দেশের সার্বিক উন্নয়ন করার দায়িত্ব একমাত্র বিএনপির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে প্রথম ইপিজেড নির্মাণ করেছিলেন। এবার নির্বাচনে ধানের শীষ জয়ী হলে শীতলক্ষ্যা পাড়ে ইপিজেড নির্মাণ করা হবে। এছাড়া ঢাকা-৫ আসনে সরকারি মেডিকেল কলেজ, সুচিকিৎসা, গবেষণা ইনস্টিটিউট, কর্মসংস্থান ও যুবকদের বিদেশে যাওয়ার ঋণের ব্যবস্থা করা হবে।”
তিনি গ্যাস সমস্যার বিষয়েও উল্লেখ করে বলেন, “বিএনপি নির্বাচিত হলে কলকারখানা ও আবাসিক এলাকায় গ্যাসের সমস্যা সমাধান করা হবে। কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে এবং প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মুক্তি দেওয়া হবে।”
তারেক রহমান ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “১২ ফেব্রুয়ারি সকাল থেকে ধানের শীষে ভোট দিতে হবে। কিছু পক্ষ আমাদের রুখতে ষড়যন্ত্র করছে। কেন্দ্রগুলিতে নকল সিলের বিষয়েও সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ জরুরি। শিক্ষা, শিশুদের মেধা বিকাশ, কৃষকদের জীবন মান, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের উন্নত জীবনব্যবস্থা তৈরি করা হবে। শিক্ষাব্যবস্থা উন্নত করা হবে, চিকিৎসা ব্যবস্থা সকলের জন্য উন্নত করা হবে, এবং দেশের সকল সংকট দূর করার জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে। অবকাঠামোগত উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরের জলাবদ্ধতা দূর করতে অবৈধ দখল হওয়া খাল খনন করা হবে। বিএনপি সরকার গঠিত হলে ঢাকাকে একটি নিরাপদ ও উন্নত শহরে রূপান্তর করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন