এ সম্পর্কিত আরও খবর
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে উদ্দেশ করে বলেন, তারা ন্যায়-ইনসাফ ও কল্যাণ রাষ্ট্রের কথা বললেও স্বাধীনতার সময় সেই ইনসাফ দেখা যায়নি। তিনি বলেন, যেভাবে লম্পঝম্প ও গায়ে পড়ে ঝগড়া-বিবাদ করা হচ্ছে, তা ভালো নয় এবং সাধারণ মানুষও এসব পছন্দ করে না। এ্যানির দাবি, ইনসাফের রাজনীতি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কল্যাণের রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়া।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমিছিলের আগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি গণমিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
এ্যানি চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ সংযোজন করে আলেম-ওলামাদের সম্মানিত করেছেন। বেগম খালেদা জিয়াও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ, কল্যাণ, সাম্য ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে এবং উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন