এ সম্পর্কিত আরও খবর
ইসিতে অভিযোগ
৩২ আসনে অনিয়ম করে জামায়াত জোটকে হারানো হয়েছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে অনিয়ম করে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন জোটের নেতারা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, মোট ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে যেখানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হক, খুলনায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার ও ঢাকা-৮ এ নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনগুলো আপানারা চেনেন। আরও যাদের আসনে এমন সমস্যা হয়েছে সেগুলোর তালিকা ও প্রমাণ আমরা জমা দিয়েছি।
তিনি জানিয়েছেন, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে। আমরা যারা একসাথে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই।
তিনি আরও অভিযোগ করেন, কোথাও কোথাও ভোট গণনার সময় ১১ দলের এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে, ঘষামাজা, কাটাছিঁড়া, ওভাররাইটিং এবং অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন, ঢাকা-৬ আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে।
তিনি বলেন, আমরা কমিশনকে এসব আসনের ভোট পুনরায় গণনা করতে বলেছি। এ ছাড়া ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের আসন বিষয়ে সুরাহা না করেই গেজেট প্রকাশ করা হয়েছে। বিভিন্ন আসন থেকে নির্বাচনের দিন থেকেই কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। যেসব আসনে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেগুলো বাদ রেখে গেজেট প্রকাশ করা যেত। কিন্তু কমিশন তড়িঘড়ি করে কেন গেজেট প্রকাশ করল সেটা বোধগম্য না।
হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের দিন বিভিন্ন অভিযোগের বিষয়ে জানানো হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তবে বিগত সরকারের আমলের মতো প্রহসনের নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়নি। নির্বাচনে ১১ দলের পক্ষ থেকে যেসব সমস্যার বিষয়ে বলা হয়েছে সেসব বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি কমিশন।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ও এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন