এ সম্পর্কিত আরও খবর
মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের কবিতা ও গান প্রেরণার উৎস ছিল : মির্জা ফখরুল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৫:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানব প্রেম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদেশের মুক্তিযুদ্ধে তাঁর অনেক কবিতা ও গান ছিল প্রভূত সাহস ও অফুরন্ত প্রেরণার উৎস।
বৃহস্পতিবার (৭ মে) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি তাঁর অমলীন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করতে তাঁর অসামান্য অবদানের জন্য আমি তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের প্রধান পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের যুগোর্ত্তীর্ণ শ্রেষ্ঠ লেখক ও বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম। অমর সৃষ্টির দ্বারা তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সংগীত রচয়িতা ও সুরকার হিসেবে এক উচ্চমাত্রায় নিজেকে অধিষ্ঠিত করেন।
ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞান চেতনা ও শিল্পদর্শণ তাঁর রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল।
বিএনপি মহাসচিব বলেন, বাংলা ভাষার অগ্রণী কবি রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন সমাজ, রাজনীতি, দর্শণ ও সামাজিক সম্প্রীতির এক অনবদ্য রুপকার। তাঁর সাহিত্য কর্মে শান্তি, মানবতা, মহত্ত্ববোধ ও পরমত সহিঞ্চুতার বাণী যুগে যুগে মানুষকে প্রেরণা যুগিয়ে যাবে, তাই তাঁর সৃষ্টিকর্ম জাতীয়তার গণ্ডি পেরিয়ে দেশ দেশান্তরে হয়ে উঠেছে কল্যাণের প্রেরণা।
তিনি বলেন, মানব প্রেম, প্রকৃতি প্রেম ও দেশপ্রেম তাঁর লেখনির প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।
আজও আমরা সবাই তাঁর লেখনি দ্বারা উদ্বুদ্ধ। তাঁর রচনায় একদিকে যেমন সমাজ চেতনা ও মানব প্রেমের শ্বাশত বাণী বিধৃত হয়েছে আবার অন্যদিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস যুগিয়েছে। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানব প্রেম ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদেশের মুক্তিযুদ্ধে তাঁর অনেক কবিতা ও গান ছিল প্রভূত সাহস ও অফুরন্ত প্রেরণার উৎস। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার শান্তি কামনা করি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন