এ সম্পর্কিত আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০২:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ঘোষিত আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের জনপ্রিয় সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার এই সিদ্ধান্তের পরই নতুন করে আলোচনায় এসেছে ককরোচ জনতা পার্টির কর্মসূচি। সোনম ওয়াংচুক শুধু একজন পরিবেশকর্মী নন, তাকে বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর বাস্তব অনুপ্রেরণা হিসেবেও দেখা হয়। শিক্ষা, পরিবেশ এবং হিমালয় অঞ্চলের মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সরব এই সমাজকর্মীর আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ককরোচ জনতা পার্টি আগামী ৬ জুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থার নানা বিতর্ক, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে দলটি। ওয়াংচুক ঘোষণা করেছেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তিনি নিজে দিল্লির বিক্ষোভে অংশ নেবেন। তার মতে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করার সুযোগ নেই।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সোনম ওয়াংচুকের অংশগ্রহণ আন্দোলনটিকে নতুন মাত্রা দিতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে লাদাখের অধিকার, পরিবেশ রক্ষা এবং শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে তার অবস্থান দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে ককরোজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীও আন্দোলনে নেতৃত্ব দিতে দেশে ফিরছেন। দলটি ইতোমধ্যে নতুন মুখপাত্র নিয়োগ করে সংগঠনকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঘোষিত এই কর্মসূচি নিয়ে রাজধানী দিল্লির রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এখন নজর ৬ জুনের দিকে। কারণ মোদি সরকারের সমালোচকদের মতে, সোনম ওয়াংচুকের মতো জনপ্রিয় মুখ আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ায় কর্মসূচিটি জাতীয় পর্যায়ে আরও বেশি গুরুত্ব পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন