এ সম্পর্কিত আরও খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৭:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা’ ফেসবুকে প্রায় দুই মাস আগে এ স্ট্যাটাসটি দিয়েছেন সৌদি আরব প্রবাসী মাহাদি রাজ শুভ। মানসিক কষ্ট থেকে দেওয়া এমন স্ট্যাটাসটিই সত্যি হয়ে গেল। সোদি আরব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশী এই যুবক। তার ফেসবুক ঘাটলেই এখন শোকের পোস্ট দেখা যায়।
শুক্রবার (২৯ মে) সকালে হোয়াটসঅ্যাপ নাম্বারে মাহাদির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন সৌদিতে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।
নিহত মাহাদি লক্ষ্মীপুরে কমলনগর চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। তিনি চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আরাফাত হোসেন রায়হানের সঙ্গে কথা বলে জানা যায়, মাহাদি কয়েকদিন ধরে মানসিকভাবে চিন্তিত ছিল। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে সৌদি পুলিশ জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদি মারা যান। তার মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মাহাদি ৬ মাস আগে দ্বিতীয় দফায় সৌদিতে গিয়েছেন। তার বাবা দুলাল সৌদি আরব প্রবাসী। তিনিও সৌদিতে রয়েছেন। বাড়িতে মাহাদির মা ও বোন থাকেন। তবে তারা এখনো বিষয়টি জানে না। মাহাদির বাবা বিষয়টি তাদেরকে না জানানোর জন্য অনুরোধ করেছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি চলমান রয়েছে।
এ ব্যাপারে চেষ্টা করেও মাহাদির বাবা মোহাম্মদ দুলালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নিহতের মামা আলমগীর সারোয়ার বলেন, সৌদিতে প্রচুর টাকা খরচ করে মাহাদিকে তার বাবা দোকান নিয়ে দেয়। ভালো ব্যবসা বাণিজ্য ছিল। সে দোকান বিক্রি করে সে দেশে চলে আসে। এরপর সে পরিবারের বাহিরে গিয়ে বিয়ে করে। পরে পরিবার বিয়েটি মেনেও নেয়। তার পরিবারে ৩ বছরের একটি সন্তান রয়েছে। সবমিলিয়ে সে মানসিক দুশ্চিন্তায় ছিল৷ প্রায় দুই মাস আগে মানসিক কষ্ট থেকে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেয়। বৃহস্পতিবার কাজে বের হয়ে সে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন