এ সম্পর্কিত আরও খবর
২০২৫ সালে কে সেরা, মেসি নাকি রোনালদো?
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার সময়ের সঙ্গে এখনও সমান তালে এগোচ্ছে। ইউরোপের আলো ঝলমলে মঞ্চ থেকে সরে এলেও তাদের প্রভাব এখনো বিশ্বজুড়ে। এখন বহাল মেসি রোনলদো দ্বৈরথ। চলছে বিতর্ক কে সেরা?
তবে ২০২৫ সালটিকে ঘিরে যত আলোচনাই হোক, ফলাফল বলছে, এই বছরটা নিঃসন্দেহে মেসির।
৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন স্বপ্নের সাফল্য। পূর্বাঞ্চলীয় কনফারেন্স শিরোপা ও এমএলএস কাপ জিতে বছর শেষ করেছেন দুইটি গুরুত্বপূর্ণ ট্রফি নিয়ে। মাঠের পারফরম্যান্সেও ছিলেন দাপুটে। ক্লাবের হয়ে টানা ম্যাচে গোল ও অ্যাসিস্টের ঝড়ে তিনি প্রমাণ করেছেন, বয়স বাড়লেও ফুটবল বুদ্ধিমত্তা ও প্রভাব এখনো অটুট। জাতীয় দলের জার্সিতেও রাখতে পেরেছেন ধারাবাহিকতা। সব মিলিয়ে গোল ও সহায়তার যে পরিসংখ্যান দাঁড়িয়েছে, তা আবারও দেখিয়েছে কেন মেসিকে এখনো অন্য গ্রহের খেলোয়াড় বলা হয়।
অন্যদিকে ৪০ বছর বয়সেও গোল করার ক্ষুধায় অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। বছরের শেষ ম্যাচ এখনও বাকি থাকলেও ইতিমধ্যেই গোলসংখ্যা ছুঁয়েছে উল্লেখযোগ্য উচ্চতা, জাতীয় দলের জার্সিতেও রেখেছেন নিজস্ব ছাপ। তবে শিরোপা দৌড়ে এবার তেমন কিছু যোগ করতে পারেননি। হাজার গোলের স্বপ্ন নিয়ে এগোতে থাকা রোনালদো ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হলেও মেসির সার্বিক প্রভাব, ট্রফি ও সংখ্যা; সব মিলিয়ে পিছিয়ে পড়েছেন এই বছর।
২০২৫ সালটি মেসির ক্যারিয়ারে যুক্ত করেছে আরও দুটি নতুন ট্রফি। ইন্টার মায়ামির জার্সিতে তিনি ঘরে তুলেছেন ইস্টার্ন কনফারেন্স শিরোপা এবং মর্যাদাপূর্ণ এমএলএস কাপ। এই দুটি জয়ে মেসির ঝুলিতে এখন মোট শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৭টিতে, এটিই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ।
পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায়, এই এক বছরে মেসি ইন্টার মায়ামির হয়ে ৪৩টি এবং আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৩টি গোল করেছেন। শুধুমাত্র গোলই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ইন্টার মায়ামির হয়ে খেলা ৫৪ ম্যাচে তিনি ২৮টি অ্যাসিস্ট করেছেন, যার অর্থ ক্লাবটির ৭১টি গোলের পেছনে সরাসরি অবদান ছিল এলএমটেনের। এমএলএস কাপ প্লে-অফে মাত্র ৬ ম্যাচে ৬ গোল করে তিনি নিজেকে বড় ম্যাচের নায়ক হিসেবে আবারও প্রমাণ করেছেন।
অন্যদিকে ৩৯ পেরিয়ে ৪০-এ পা দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও সৌদি আরবের লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন। আল নাসরের হয়ে তিনি এ বছর একের পর এক গোল করে চললেও দলীয় কোনো ট্রফি জেতা সম্ভব হয়নি। পর্তুগিজ এই ফরোয়ার্ড এ বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৪০টি গোল করেছেন এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে ক্লাব ফুটবলে ট্রফিশূন্য থাকলেও জাতীয় দলের হয়ে তিনি ঠিকই সাফল্যের স্বাদ পেয়েছেন। উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে শিরোপা উল্লাসে মেতেছে রোনালদোর পর্তুগাল। বছরের একেবারে শেষে ২৭ ডিসেম্বর জোড়া গোল করে রোনালদো ক্যারিয়ারের ১৪তম বারের মতো এক ক্যালেন্ডার বছরে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন, যা মেসির করা ১৩ বারের রেকর্ডের চেয়ে একটি বেশি।
রোনালদোর এখন মূল লক্ষ্য ক্যারিয়ারের এক হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে ৯৫৬ গোলে অবস্থান করা এই মহাতারকাকে এখনও লক্ষ্য ছোঁয়া থেকে বেশ কিছুটা দূরে থাকতে হচ্ছে। মাঠের লড়াইয়ে গোলের পরিসংখ্যানে রোনালদো তার ধারাবাহিকতা ধরে রাখলেও শিরোপা জয়, প্লে-মেকিং এবং সামগ্রিক প্রভাবে ২০২৫ সালটি ছিল একান্তই লিওনেল মেসির। ফুটবল সমালোচকদের মতে, ইউরোপের মূলধারার ফুটবল থেকে দূরে সরে গেলেও এই দুই কিংবদন্তির দ্বৈরথ ২০২৫ সালেও ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিয়েছে সেই সোনালী অতীতের কথা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন