এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ এএম
-
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন জটিলতা তৈরি হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তবে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে। এমন দাবি করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ম্যাচ অন্য ভেন্যুতে আয়োজনের অনুরোধে অনড় থাকে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কৌশলগতভাবে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে।
বাংলাদেশের আপত্তির পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা। এ কারণে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের অবনতি ক্রিকেট অঙ্গনেও প্রভাব ফেলেছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএলের সম্প্রচার সীমিত করে এবং বিশ্বকাপের ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবিতে কঠোর অবস্থান নেয়।
বুধবার (২১ জানুয়ারি) আইসিসির ভার্চুয়াল বোর্ডসভায় বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। আইসিসি জানায়, নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত তারা নেবে না। এরপর বিসিবি আবারও ভারতে গিয়ে খেলতে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো আইসিসির সিদ্ধান্ত মেনে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া, অন্যটি হলো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সিদ্ধান্তের ওপর পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানও সংহতির অংশ হিসেবে টুর্নামেন্ট বয়কটের কথা ভাবতে পারে।
তবে এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন