এ সম্পর্কিত আরও খবর
ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:২২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজশাহী প্রতিবেদক: বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানিয়েছে রাজশাহীবাসী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন শান্ত–মুশফিকরা। এ সময় ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের বরণ করে নেন।
বিপিএল চ্যাম্পিয়ন হয়ে সোমবার সকালেই রাজশাহীতে পৌঁছায় রাজশাহী ওয়ারিয়র্স দল। সকাল সাড়ে ১০টায় ক্রিকেটাররা রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি হাতে নিয়ে ছাদখোলা বাসে ওঠেন।
এরপর পুলিশ স্কর্টে ছাদখোলা বাসটি শহরের দিকে যাত্রা করে। বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। এ ছাড়া বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী মোটরসাইকেলে বাসটিকে ঘিরে রাখেন। তাঁদের হাতে ছিল ‘গর্বের জয়’, ‘বীরের শহর’, ‘জয় এসেছে, কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। ছাদখোলা বাসের সামনেও লেখা ছিল—‘কাপ আইসিছে বাড়িতে’।
ক্রিকেটারদের বহনকারী ছাদখোলা বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী–নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর, রুয়েট ফ্লাইওভার অতিক্রম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ক্রিকেটারদের বরণ করে নেন। অনেকে নিজেদের পরনের শার্ট, টি-শার্ট কিংবা সোয়েটার খুলে ক্রিকেটারদের দিকে ছুড়ে দেন। ক্রিকেটাররা সেগুলোতে অটোগ্রাফ দিয়ে ফেরত দেন। মাঝে মাঝেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম বিপিএল ট্রফি উঁচু করে ধরলে বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। সেই আনন্দে বাসের ওপরেই শরীর দুলিয়ে নাচতে থাকেন শান্ত ও মুশফিক।
বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ার পর বাসটি তালাইমারী–সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা বাসটিকে ঘিরে ধরে ক্রিকেটারদের সংবর্ধনা জানান। একই দৃশ্য দেখা যায় রাজশাহী কলেজের সামনেও। পরে ছাদখোলা বাসটি ক্রিকেটারদের নিয়ে লক্ষ্মীপুর ঘুরে দড়িখড়বোনা–রেলগেট–আমচত্বর হয়ে পবার নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে পৌঁছায়।
ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণের সময় পথে পথে অসংখ্য মানুষ হাত উঁচিয়ে ক্রিকেটারদের শুভেচ্ছা জানান। অনেকেই দূর থেকেই ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন