এ সম্পর্কিত আরও খবর
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ক্যাথলিন সৌজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর নারী দল–এর নেতৃত্বে থাকা ২৯ বছর বয়সী এই সেন্টারব্যাক মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে গিয়ে ইসলাম ধর্মে মুগ্ধ হন। এরপর তিনি সবকিছু জানার পর ইসলাম গ্রহণ করেন। ক্লাবের পক্ষ থেকে তাকে ওমরাহ পালনের জন্য পাঠানো হয়েছে।
আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্যাথলিনের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে ক্লাবটি জানিয়েছে, “ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়ে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করছেন। তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে উঠুক এ কামনাই করি।”
২০১৮ সালে ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলে অভিষেক ঘটে ক্যাথলিন সৌজার। সেলেসাও দলের হয়ে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন এবং ১ গোল করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর আবেগ প্রকাশ করতে গিয়ে ক্যাথলিন বলেছেন, “আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের উন্নত সংস্করণ হতে চেয়েছি, এটুকুই।”
ক্যাথলিন আল-নাসর নারী দলের হয়ে একটি স্বর্ণযুগ পার করছেন; সম্প্রতি তিনি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন। তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে মক্কা ভ্রমণ ও ওমরাহ পালনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা, জীবনের উপহারের জন্য কৃতজ্ঞ।”
সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টে ১৯৯৬ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন ক্যাথলিন। শৈশবে ব্রাজিলে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং সান্তোস এফসির যুব দলের হয়ে খেলেছেন। এরপর যুক্তরাষ্ট্রে চলে যান, যেখানে ইউনিভার্সিটি অফ লুইসভিল এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনা করেন।
পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে ফরাসি ক্লাব বোর্দো নারী দল এ। দুই বছর পরে ২০২০ সালে যোগ দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান নারী দল-এ। ২০২২ সালে তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নারী দল এ খেলেন। সর্বশেষ ২০২৪ সালের আগস্টে আল নাসর নারী দলে যোগ দিয়েছেন এই সেন্টারব্যাক।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন