এ সম্পর্কিত আরও খবর
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের সাবেক পেসার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রানআপ, লড়াকু মনোভাব ও বোলিং অ্যাকশন দেখলেই মনে হতো একজন সত্যিকারের যোদ্ধা। সেই শাপুর জাদরান এখন নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আফগানিস্তানের সাবেক এই পেসার গুরুতর অসুস্থতা বর্তমানে ভারতের একটি হাসপাতালে শয্যাশায়ী। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে বিশ্বক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে যারা ভিত্তি গড়ে দিয়েছিলেন, শাপুর জাদরান তাদের মধ্যে অন্যতম।
তবে এবার মাঠের বাইরে মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে তাকে। পরিবার ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন শাপুর। গত ১২ জানুয়ারি তার ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শাপুরের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, শাপুরের রক্তে শ্বেতকণিকার মাত্রা আশঙ্কাজনক হারে কমে গেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
তবে ঠিক কোন রোগের কারণে এমনটি হচ্ছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেসকে জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকেই ভারতে শাপুর জাদরানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বোর্ড তাকে আর্থিক সহায়তাও দিয়েছে। ৩৮ বছর বয়সী এই পেসারের অসুস্থতার খবরে অনেকেই তার আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। শহীদ আফ্রিদি তাদের একজন।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আজ শাপুর জাদরানের ভাইয়ের সঙ্গে আবেগঘন কথোপকথন হলো। শাপুরের শারীরিক অবস্থার কথা শুনে সত্যিই খুব মর্মাহত। তুমি মাঠে সব সময় একজন লড়াকু ছিলে। আমি জানি এই পরিস্থিতির বিরুদ্ধেও তুমি জয়ী হবে। শক্ত থাকো বন্ধু, পুরো পাকিস্তান ও আমি তোমার পাশে আছি।
যেকোনো প্রয়োজনে আমি সব সময় প্রস্তুত।’ ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান এক দশকেরও বেশি সময় ধরে আফগান পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। দেশের জার্সিতে খেলেছেন ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি। মোট উইকেট ৮০টি।
শাপুরের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে আছে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জয়সূচক রানটিও এসেছিল তার ব্যাট থেকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন