এ সম্পর্কিত আরও খবর
১৭ বছর পর ফয়সালাবাদে ফিরল আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪৭ এএম
-
ছবি: সংগৃহীত
লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানের পর এবার পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম এ শহরে। ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। ৬ ও ৮ নভেম্বর একই ভেন্যুতে সিরিজের অন্য দুই ওয়ানডে হবে।
ইকবাল স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালের ১১ এপ্রিল। বাংলাদেশের বিপক্ষে সেই ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। এই মাঠে ১৬টি ওয়ানডে হয়েছে। ১৯৮৭ বিশ্বকাপের একটি ও ১৯৯৬ বিশ্বকাপের তিনটি ম্যাচ হয়েছিল এ মাঠে। আর পাকিস্তান এখানে ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯টি জিতেছে ও তিনটি হেরেছে। দক্ষিণ আফ্রিকার কাছেও মাঠটি নতুন নয়। এখানে তারা পাঁচটি ওয়ানডে খেলেছে। দুটিতে জিতেছে, তিনটিতে হেরেছে। ওয়ানডেতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ৮৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে পাকিস্তানের জয় ৩৪টিতে এবং প্রোটিয়ারা জিতেছে ৫২টিতে। আর পাকিস্তানের মাটিতে দুই দল ১৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়ে আটটি করে জয় পেয়েছে।
ফয়সালাবাদের জন্য এটা অনেকটা নতুন শুরু। পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদির জন্যও এটা নতুন শুরু। এই প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেবেন তিনি। নতুন শুরু নিয়ে শাহিন গতকাল বলেন, ‘১৭ বছর পর ফয়সালাবাদে ক্রিকেট ফিরছে, এটা ভীষণ রোমাঞ্চকর একটি ব্যাপার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে আমরা এই উপলক্ষটা রাঙাতে চাই। টি২০ সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করি, সেই ছন্দ ওয়ানডেতেও ধরে রাখতে পারব।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন