এ সম্পর্কিত আরও খবর
টানা ১০ ম্যাচ গোলহীন রোনালদোর পাশে পর্তুগাল কোচ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
‘বয়স হয়েছে, মাঠে সেই চেনা দাপট অনেক আগেই গত হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর’ এমনটা যারা বলে থাকেন, তাদেরকে ভুল প্রমাণ করার মতো বিশ্বকাপ শুরুর ম্যাচে কিছুই করতে পারেননি তিনি।
উল্টো ডিআর কঙ্গোর বিপক্ষে ডি-বক্সে তার নিষ্ক্রিয়তা নতুন করে প্রশ্নেরও জন্ম দিচ্ছে। তবে, কেবল অধিনায়কের সমালোচনা করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।
বুধবার (১৭ জুন) রাতে হিউস্টনে 'কে' গ্রুপের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অধিকাংশ সময় বল পায়ে রাখলেও আক্রমণে তারা ছিল অগোছালো ও ধারহীন।
এই ম্যাচে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। মাঠে তার নিষ্প্রভ উপস্থিতি কিংবা দলের সামগ্রিক জড়তা-সব মিলিয়ে পর্তুগালের আক্রমণভাগে এক চরম সমন্বয়হীনতা ফুটে ওঠে, যা ম্যাচের পরিসংখ্যানেও স্পষ্ট। তবে জয়সূচক গোল পাওয়ার তাগিদে বাকি খেলোয়াড়দের অদলবদল করলেও রোনালদোকে গোটা ম্যাচেই খেলান মার্তিনেজ।
হতাশার ম্যাচ শেষে রোনালদোকে ঠিকমতো বলের জোগান দেয়ার ঘাটতিকেই বড় করে দেখিয়েছেন পর্তুগালের কোচ। দলের অধিনায়ককে পুরোপুরি আগলে রেখে তিনি বলেছেন, ‘যখন আপনার গোলের প্রয়োজন, তখন বিশ্ব ফুটবলের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেয়ার কোনো মানেই হয় না। আমাদের জন্য এই ধরনের মুহূর্তে ডি-বক্সে ক্রিস্তিয়ানোর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যেভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিজের দিকে টেনে রাখে এবং এর ফলে সৃষ্টি হওয়া ফাঁকা জায়গাগুলো আমরা যেভাবে ব্যবহার করতে পারি, তা দলের জন্য ভীষণ দরকারি।’
ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্যমতে, ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকে রোনালদো বল স্পর্শ করতে পারেন মাত্র ২৫ বার। পর্তুগালের জার্সিতে কোনো বড় টুর্নামেন্টে পুরো ম্যাচ খেলার ক্ষেত্রে যা তার ক্যারিয়ারেরই সর্বনিম্ন। তিনি গোলমুখে তিনটি শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে।
তাছাড়া, এই ম্যাচের মধ্য দিয়ে বড় মঞ্চে (বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে) টানা ১০ ম্যাচে গোল পাননি রোনালদো। এই দীর্ঘ খরায় গোলমুখে তার নেয়া ৩৩টি শটের মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। তবে কাঙ্ক্ষিত জালের দেখা আর মেলেনি।
রোনালদোর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মার্তিনেজ আরও বলেছেন, ‘মাঠে প্রতিটি খেলোয়াড়েরই আলাদা দায়িত্ব বা নিজস্ব গুণ থাকে। আর স্পষ্টতই, আপনি যখন গোল খুঁজছেন, তখন ক্রিস্তিয়ানোকে আপনার মাঠে লাগবেই।’
কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে পর্তুগালের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। 'কে' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন