এ সম্পর্কিত আরও খবর
কানাডার স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
-
ছবি: সংগৃহীত
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল কানাডা। তবে সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সবার আগে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দলটি।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করা ইসমাইল সাইবারি ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে নামেন সুফিয়ান রাহিমি।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বরং আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিক কানাডা। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত কয়েকটি সেভে গোলবঞ্চিত থাকে কানাডিয়ানরা। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৪৯তম মিনিটে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি কিক বক্সের সামনে পান এজেদিন উনাহি। তার নিচু শট কানাডার রক্ষণভাগ ও সতীর্থ রাহিমির পায়ের ফাঁক গলে জালে জড়ালে এগিয়ে যায় মরক্কো।
৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি। দ্রুত পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের পাস পেয়ে বক্সে ঢুকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
যোগ করা সময়ে জয়ের ব্যবধান আরও বাড়ায় মরক্কো। পাল্টা আক্রমণে আবারও ব্রাহিম দিয়াজের পাস থেকে গোলরক্ষকের মুখোমুখি হন রাহিমি। এবার আর ভুল করেননি তিনি। তার গোলে ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় মরক্কোর দাপুটে জয়।
এই জয়ের ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন