এ সম্পর্কিত আরও খবর
গাজায় দুই দশকের শাসনের ইতি টানছে হামাস
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
-
ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় প্রায় দুই দশক ধরে চলা নিজেদের প্রশাসনিক শাসনের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি জানিয়েছে, তাদের প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করে গাজার শাসনভার একটি বিশেষ বেসামরিক কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৬ সালের নির্বাচনে বিজয়ের পর ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসা হামাসের জন্য এ সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
হামাস-নিয়ন্ত্রিত সরকারি তথ্য দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বার্তা সংস্থা এএফপিকে জানান, গাজা সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি)-এর কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে জরুরি কমিটি বিলুপ্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হামাসের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই সময় ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর তত্ত্বাবধানে গাজার বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য এনসিএজি গঠন করা হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস জানিয়ে আসছিল, তারা গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।
এ বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কোনো অজুহাত যেন আর না থাকে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গাজার প্রশাসনের জন্য গঠিত জাতীয় বেসামরিক কমিটি দ্রুত দায়িত্ব গ্রহণ করবে বলে আমরা আশা করছি। হামাস প্রশাসনিক সব দায়িত্ব ও ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করতে সম্পূর্ণ প্রস্তুত এবং এ প্রক্রিয়ার সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন