এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপে এবার নতুন ইতিহাস, চ্যাম্পিয়ন দল পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ নতুন নতুন উদ্যোগের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে ভিন্ন মাত্রা যোগ করছে। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা স্মারক আংটি।
মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। বিশেষ করে এনএফএলের সুপার বোল বিজয়ী দল এই সম্মাননা পেয়ে থাকে। সেই সংস্কৃতিই এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফিফা বিশ্বকাপের সঙ্গে।
আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য থাকছে এই বিশেষ সম্মাননা।
বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে ৩০টি আংটি। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।
বিশেষ এই আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে খোদাই করা থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও শিরোপা জয়ের স্মারক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হবে। প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে একটি সত্যায়নপত্রও।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী একটি আংটি তুলে দেওয়া হবে। পরে ব্যক্তিগত মাপ অনুযায়ী প্রস্তুত করা ৩০টি চূড়ান্ত আংটি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’, যা বিজয়ীদের জন্য নতুন এক স্মারক সম্মাননা হিসেবে বিবেচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন