এ সম্পর্কিত আরও খবর
আজ থেকে পাঁচ ব্যাংকের গ্রাহকরা যেভাবে টাকা তুলতে পারবেন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে আজ ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকেই গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার চূড়ান্ত রেজল্যুশন স্কিম অনুমোদন দেওয়ার পর এ সুবিধা কার্যকর হচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করে এই নতুন ব্যাংক গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পাঁচ ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত ইতোমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।
রেজল্যুশন স্কিম অনুযায়ী, আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এ অর্থ ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় যে কোনো সময় উত্তোলন করা যাবে। এ লক্ষ্যে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে স্থানান্তর করা হয়েছে। কোনো গ্রাহক এই অর্থ উত্তোলন না করলে তিনি তার স্থিতির ওপর বাজারভিত্তিক মুনাফা পাবেন।
যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের অর্থ কিস্তিতে পরিশোধ করা হবে। প্রথম ২ লাখ টাকা যে কোনো সময় উত্তোলনযোগ্য। পরবর্তী প্রতি ১ লাখ টাকার জন্য তিন মাস অন্তর উত্তোলনের সুযোগ থাকবে। অবশিষ্ট অর্থ রেজল্যুশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর উত্তোলন করা যাবে।
স্থায়ী আমানত বা এফডিআরের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তিন মাস মেয়াদি আমানত তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এক থেকে দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি হিসেবে গণ্য হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত নির্ধারিত মেয়াদ শেষে উত্তোলনযোগ্য হবে।
ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে তারা নির্ধারিত সময়সীমার বাইরে গিয়েও অর্থ উত্তোলন করতে পারবেন। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির স্থায়ী ও প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করা হবে। তবে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি এবং বিদেশি দূতাবাস এ বিধানের বাইরে থাকবে।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদি বিনিয়োগে রূপান্তর হবে, যেখানে ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন